উখিয়া বিজিবি’র হাতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯
উখিয়া বিজিবি’র হাতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উখিয়া বিজিবি’র হাতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক সারা রাত ভর পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২০ সেপ্টেম্বর) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২০১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম ১৮ হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে দিকে বাংলাদেশের অভ্যন্তরে যা বিওপি হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে ক্যারাঙ্গাঘোনা খাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২০৩০ ঘটিকায় মায়ানমার হতে ০১ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পায়।

বিজিবি সদস্যগণ তল্লাশীর জন্য তাদের নিকট অগ্রসর হলে চোরাকারবারী দ্রুত দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশী করে একটি রঙ্গিন লুঙ্গি দ্বারা মোড়ানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ০৩ কাট সর্বমোট ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে ওই এলাকায় পলায়নকৃত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য রাতভর চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।