এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২১ জুলাই, ২০২৫, ১০:৩৩
এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছে, দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি , বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশী মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় জরুরী প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-সেভেন বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

আহতদের রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়েছে।