এসএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে
ডেস্ক নিউজ
প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ১১:৪১
চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল আগামী ১০ জুলাই দুপুর ২টায় শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১-১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।
গত ১০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা ১৫-২২ মে’র মধ্যে অনুষ্ঠিত হয়। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য নিবন্ধন করে।
যেভাবে ফলাফল জানা যাবে
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষাবোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।


আপনার মতামত লিখুন