কক্সবাজারে ডিসির স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

বিশেষ প্রতিবেদক:
প্রকাশ: ২১ মে, ২০২৫, ৩:৩৮
কক্সবাজারে ডিসির স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক

Oplus_16777216

কক্সবাজার জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতি করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে আটক হলেন এক ভূয়া সাংবাদিক। আটক ভূয়া সাংবাদিক রেজাউল করিম সোহাগ লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ’র ছেলে।

বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ডিসির কক্ষ থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দীন আহমেদ জানান জিজ্ঞাসাবদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে৷

স্বাক্ষর জালিয়াতি আবেদনের কাগজে দেখা যায় , বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের।

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়।

কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়।

জেলা প্রশাসক সালাহ উদ্দীন জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হবে৷