গৃহবধূকে ধর্ষণ, ছবি-ভিডিও ছড়িয়ে গ্রেফতার যুবক
চট্টগ্রামে গৃহবধূকে ধর্ষণের পর আপত্তিকর ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আবুল মনছুর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আবুল মনছুর নগরীর বাকলিয়া থানার ছিদ্দিক কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, ২০১৭ সালে ভুক্তভোগী নারীর স্বামী ঢাকার পল্টন থানার একটি মামলায় জেলে ছিলেন। স্বামী জেলে থাকার সময় কোনোভাবে মনছুরের সঙ্গে তার পরিচয় হয়। মনছুর ওই নারীকে তার স্বামীর জামিনের জন্য আইনি বিভিন্ন পরামর্শ দেন। এতে তাদের মধ্যে পারিবারিকভাবে সুসম্পর্ক হয়। পরে স্বামী দেশের বাইরে চলে যান।
পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ১৫ জানুয়ারি বাসায় গিয়ে তাকে মনছুর ধর্ষণ করে এবং সেটা ভিডিও করে রাখে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মনছুর তাকে গত ২২ জুন পর্যন্ত ছয় বছর ধরে দফায় দফায় ধর্ষণ করেছে। বিভিন্ন সময় ধর্ষণের ভিডিওর পাশাপাশি আপত্তিকর বিভিন্ন ছবিও তুলে রাখে। দুই সপ্তাহ আগে মনছুর তাকে আবারও দেখা করার জন্য চাপ দিতে থাকলে গৃহবধূ অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মনছুর আপত্তিকর একাধিক ভিডিও-ছবি তার স্বজনদের হোয়াটসঅ্যাপ ও ইমো নম্বরে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান যুগান্তরকে জানান, ব্ল্যাকমেইল করে ৬ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ ও ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন