জামায়াত টাকা ছড়াচ্ছে, ইসিতে বিএনপির অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৭
জামায়াত টাকা ছড়াচ্ছে, ইসিতে বিএনপির অভিযোগ

ভোটকে সামনে রেখে জামায়াতে ইসলামী টাকা ছড়াচ্ছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে বিএনপি। বুধবার সন্ধ্যায় দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ দেয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন।

পরে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘সৈয়দপুর এয়ারপোর্টে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতার কাছে টাকা পাওয়াটা প্রশ্নবিদ্ধ। লক্ষ্মীপুরেও একই ঘটনা। বিভিন্ন জায়গায় এ ধরনের রিপোর্ট আছে। জামায়াতের নেতাদের টাকা ছড়ানোর তথ্য ছড়িয়ে পড়েছে। এ রকম নিউজ ও ভিডিও ইসিতে জমা দিয়ে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।’

বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ।

বিমানবন্দর সূত্র জানায়, বেলাল উদ্দিন সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে তাঁর ব্যাগ ও দেহ তল্লাশি করা হলে নগদ অর্থের বিষয়টি নজরে আসে। এত বড় অঙ্কের টাকা বহনের বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

অন্যদিকে আটক জামায়াত নেতা বেলাল উদ্দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলে দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘আমি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলাম। এর সঙ্গে কোনো অবৈধ কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা নেই।’ তিনি আরও দাবি করেন, টাকার উৎস বৈধ এবং প্রয়োজনীয় কাগজপত্র তিনি পরে দেখাতে পারবেন।

এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা।