জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৪ আগস্ট, ২০২৫, ৩:৩৭
জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা ছিল। সবশেষে পল্টন থানার একটি মামলায় তিনি জামিন লাভ করেন। এর আগেও তিনি বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে জামিন পেয়েছিলেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ, কে, এ, এম মাসুম ওনার জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে সাবেক পিজি হাসপাতাল ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্ত করা হয়। নিয়ম মাফিক সব জামিন নামার কাগজ যাচাই-বাছাই করেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় তার পাহারায় থাকা কারারক্ষী উঠিয়ে নেওয়া হয়।

জানা যায়, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম-১ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তার ছেলে মাহবুব রহমান রুহেল নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন।

২০২৩ সালের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা থানার অন্তর্গত এলাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।