তেল আবিবের আকাশে হাজারো কাক মহা বিপর্যয়ের ইঙ্গিত

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৬ মার্চ, ২০২৬, ১২:২১
তেল আবিবের আকাশে হাজারো কাক মহা বিপর্যয়ের ইঙ্গিত

ইসরাইলের অন্যতম প্রধান নগরী তেল আবিবের আকাশে একসঙ্গে হাজার হাজার কাকের ওড়াওড়ি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই একে ‘হারবিঞ্জার অব ডুম’ বা ‘সর্বনাশের আগাম বার্তার’ সঙ্গে তুলনা করছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) তেল আবিবের বিখ্যাত আজরিয়েলি টাওয়ারসহ বেশ কয়েকটি সুউচ্চ ভবনের চারপাশে হাজারো কাক ঘুরছে—এমন নাটকীয় দৃশ্যের ভিডিও মুহূর্তের মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে যায়।
 
অনেকেই এ অদ্ভূত দৃশ্যটিকে ইরানের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধের যোগসূত্র টানেন। তারা বলছেন, এটি আসন্ন মহাবিপর্যয়ের ‘অশুভ লক্ষণ’।
 
 
অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একে ‘সর্বনাশের আগাম বার্তা’ বিবেচনা করছেন, যার পরই আসে চরম বিপর্যয়। আবার অনেকে এ ঘটনাকে বাইবেলে করা ভবিষ্যদ্বাণীরও সংশ্লিষ্টতা খুঁজছেন।
 
তারা বুক অব রেভেলেশনের ১৯তম অধ্যায়ের ১৭ নম্বর পদের উদ্ধৃতি দিয়েছেন। যেখানে আর্মাগেডন বা চূড়ান্ত যুদ্ধের একটি দৃশ্যের বর্ণনা আছে। এ দৃশ্যে সূর্যে দাঁড়িয়ে থাকা এক স্বর্গদূত মাঝ আকাশে উড়তে থাকা পাখির ঝাঁককে ‘ঈশ্বরের মহাভোজে’ জড়ো হতে চিৎকার করে ডাকেন।
 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ঘুরপাক খাওয়া কাকের বিশাল ঝাঁক তেল আবিবের আকাশকে কালো করে দিয়েছিল, মনে হচ্ছিল যেন মেঘ একদিক থেকে অন্যদিকে যাচ্ছে—এমন দৃশ্য শহরের বাসিন্দা এবং পরে অনলাইন ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছে।
 
তবে, পাখি নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলেছেন, এই ঘটনাটি অলৌতিত নয়; বরং এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত পাখি চলাচলের পথগুলোর একটি।
 
বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর বসন্তকালে প্রায় ৫০ কোটি পাখি ইসরাইলের ওপর দিয়ে চলাচল করে। এ সময় হুডেড কাকগুলো প্রায়শই শহুরে এলাকায় দলবদ্ধভাবে জড়ো হয়।