নেত্রকোণায় শিশু ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
নেত্রকোণা সদর উপজেলায় শিশুকে দলবেঁধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নূরুল কবীর রুবেল জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা অপু, মামুন ও সুলতান।
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৭ সনের ৩ সেপ্টেম্বর দরিদ্র পরিবারের ১৪ বছরের শিশুটিকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। পরে পরিবার শিশুটিকে একটি মাছের খামার থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরদিন শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আসামির পরিবার প্রভাবশালী হওয়ায় তখন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। তখন এই ধর্ষণ ও আত্মহত্যার বিষয়টি এলাকায় খুব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন।
আদালতের নির্দেশে, ওই বছরের ১০ সেপ্টেম্বর কবর থেকে শিশুটির লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হয়। এরপর মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনজীবী নূরুল কবীর রুবেল বলেন, ২০১৮ সনের ৫ এপ্রিল পুলিশ এ মামলার অভিযোগপত্র দেয়। মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন।
তিনি বলেন, বিচারক প্রত্যেক আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং একলক্ষ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।


আপনার মতামত লিখুন