পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫, ৩:২৯
পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

জাতীয় ঐকমত্য কমিশন নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে তা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। তবে সংবিধান সংশোধনের প্রস্তাব, বিশেষ করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানাচ্ছে, জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। তাদের মতে, এ ব্যবস্থা কার্যকর হলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং দুর্নীতিও হ্রাস পাবে। এ ছাড়া পিআর ছাড়া নির্বাচন হলে দলটি আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

দলের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান মন্তব্য করেন, পিআর ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, সর্বশক্তি দিয়ে এ প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাবে জামায়াত। অন্যদিকে, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মনে করেন, শুধু উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চালু করতে হবে। তার ভাষায়, নিম্নকক্ষে এ ব্যবস্থা না থাকলে সামগ্রিক প্রভাব পড়বে না।

জামায়াতের শীর্ষ নেতাদের দাবি, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য পূরণ করতে হলে জুলাই সনদে প্রস্তাবিত সংস্কারগুলো আগে বাস্তবায়ন করতে হবে। তাহের বলেন, ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাবগুলোকে আইনি রূপ দেওয়া জরুরি, কারণ এসব সংস্কারের মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। তার মতে, যদি আওয়ামী লীগের আমলের মতো পরিবর্তনহীন নির্বাচন হয়, তবে দেশ আবারও অন্ধকার যুগে ফিরে যাবে।