পেকুয়ায় লবণচাষীকে কুপিয়ে আহতের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৬, ৫:১৭
পেকুয়ায় লবণচাষীকে কুপিয়ে আহতের অভিযোগ
কক্সবাজারের পেকুয়ায় আপেল মিয়া (৩৪) নামের এক লবণচাষীকে কোদালের কোপ দিয়ে আহতের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এ ঘটনায় পেকুয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। একই দিন সকালে উজানটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোদারপাড়া জানিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মিয়া একই এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, আপেল মিয়া জমি বর্গা নিয়ে লবণ চাষ করেন। ঘটনার দিন তার বর্গা নেওয়া জমিতে অভিযুক্ত আবু সালেহ এসে জমিটি তার দাবি করে লবণ চাষের কাজ চালিয়ে যান। খবর পেয়ে কাজ না করতে নিষেধ করেন আপেল মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে আপেল মিয়া ফোন দিয়ে জমির মূল মালিকের সঙ্গে কথা বলতে বলেন। এতে আবু সালেহ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল দিয়ে কোপ দেন। এ সময় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আপেল মিয়া। পরে স্থানীয় লবণচাষীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, উজানটিয়ায় কুপিয়ে আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।