বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: ফিফা সভাপতি ইনফান্তিনো
ফুটবল ভক্তদের প্রত্যাশা মেটাতে এবার বিশ্বকাপ নিয়ে নতুন স্বপ্নের কথা শোনালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে আর সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়। গত শুক্রবার ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ইনফান্তিনো।
প্রশ্ন ছিল সরল। ‘বাংলাদেশ কি কোনো দিন বিশ্বকাপে খেলতে পারবে?’ কিন্তু উত্তরে ফুটবল বিশ্বের শীর্ষ ব্যক্তির কণ্ঠে ছিল আশাবাদ ও শ্রদ্ধা। ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। ফিফার লক্ষ্যই হলো বাংলাদেশসহ যেসব দেশ এখনো বিশ্বকাপে অংশ নেয়নি, তাদের জন্য সুযোগ সৃষ্টি করা।’ এই মন্তব্যে তার দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এমন একটি বিশ্বকাপের স্বপ্ন দেখেন তিনি, যেখানে ফুটবলের আনন্দ ও প্রতিযোগিতা বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে যাবে।
ইনফান্তিনোর এই বক্তব্য কেবল সৌজন্যমূলক নয়। এটি বাস্তবতারও প্রতিফলন। সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশে ফুটবলের প্রতি আগ্রহ বেড়েছে। আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বেড়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে ফুটবল অবকাঠামোও ধীরে ধীরে উন্নত হচ্ছে। ফিফা সভাপতি আরও বলেন, ‘প্রতিভা সারা পৃথিবীতেই আছে। বাংলাদেশেও আছে। আমরা চাইছি, খুব শিগগিরই বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে।’


আপনার মতামত লিখুন