ব্যবসায়ী বিএনপি নেতাকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ২:১৮
ব্যবসায়ী বিএনপি নেতাকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

সোনাগাজী উপজেলার চর খন্দকার এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সরব হওয়ার পর ভয়ংকর পরিণতির শিকার হয়েছেন সিরাজুল হক বাদশা (৩৭) নামের এক ব্যবসায়ী। তাকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী বাদশা সদর ইউনিয়ন চর খন্দকার গ্রামের মজিবুল হক মেম্বারবাড়ির বেলাল হোসেনের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

বাদশার ভাই আজিজুল হক যুগান্তরকে জানান, সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আমার ভাই বাদশা প্রতিবাদ করে আসছিল। সে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন ও একাধিকবার প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল। এলাকায় আমার ভাই চোর-ডাকাতদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করত, সে চর খন্দকার তিন রাস্তার মোড়ে মুদি দোকানের ব্যবসায়ী ছিল।

ভুক্তভোগীর স্ত্রী তাসলিমা আক্তার যুগান্তরকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোনাগাজীর চর খন্দকারের শুকুর ডাকাতের ছেলে সুজন ডাকাত, শফির ছেলে লিটন, দুলাল ডাকাত ও তাদের সংঘবদ্ধ চক্রটি দিনরাত চর খন্দকারে মাছ লুট, চাঁদাবাজি, চুরি ডাকাতিসহ হরেকরকম অপকর্ম করে যাচ্ছিল। এসবের প্রতিবাদ করে যাচ্ছিল আমার স্বামী বাদশা। দুই মাস আগে তাদের অপকর্ম নিয়ে সংবাদ সম্মেলনও করে আমার স্বামী। তারই জেরে পরিকল্পিতভাবে মোবাইল করে রাতের বেলায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে এই সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত আমার স্বামীর কোনো হদিস পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশ ও সেনাবাহিনীকে জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে চর খন্দকার গ্রামে মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ভয় দেখিয়ে চাঁদা আদায়, জমি দখল করে আসছিল। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে নানা হুমকি-ধামকি দেয় সন্ত্রাসীরা।

তারা বলেন, সোনাগাজী সেনাক্যাম্পে ক্যাপ্টেন আলিফ আল গণি দায়িত্বে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা পুরোই নিয়ন্ত্রণে ছিল। তিনি জনসাধারণের নিরাপত্তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। চর খন্দকার ও বেড়িবাঁধ এলাকায় সেনাবাহিনীর টহল না থাকায় বর্তমানে এখানে সন্ত্রাসী ও মাদক বিকিকিনির আড্ডা খানায় পরিণতি হয়েছে। এ অঞ্চলে সেনাবাহিনীর অভিযান হওয়া খুবই জরুরি। তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি বায়েজিদ আকন যুগান্তরকে জানান, সোমবার রাতে চরখন্দকার এলাকায় এক বিএনপি নেতাকে অপহরণ করেছে- এমন একটি অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্ত চলছে। অপহরণের শিকার বাদশাকে উদ্ধারে কাজ করছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।