ভারতে শত শত নারীকে ধর্ষণের পর মাটিচাপার অভিযোগ তোলা সেই ব্যক্তি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫, ১:৫৪
ভারতে শত শত নারীকে ধর্ষণের পর মাটিচাপার অভিযোগ তোলা সেই ব্যক্তি গ্রেপ্তার

ভারতের কর্ণাটকের ধর্মীয় শহর ধর্মস্থলে শত শত নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ তোলা মন্দিরের সাবেক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসআইটি জানায়, তিনি মিথ্যা বলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি ঘিরে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগকারী দাবি করেছিলেন, ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত তাকে ধর্ষণের শিকার নারীদের মরদেহ মাটিচাপা দিতে বাধ্য করা হয়। প্রমাণ হিসেবে তিনি একটি খুলি আদালতে জমা দেন। এ অভিযোগে সরকার এসআইটি গঠন করে। তদন্তে বেশ কিছু স্থানে খনন চালিয়ে দুটি জায়গা থেকে মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার হলেও তা ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

ধর্মস্থল মন্দিরের প্রশাসক ও সাংসদ বীরেন্দ্র হেগড়ে অভিযোগ অস্বীকার করে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ ঘটনা ঘিরে কর্ণাটকের রাজনীতিতেও তীব্র বিতর্ক শুরু হয়েছে। সরকার বলছে, সত্য প্রমাণ হলে ন্যায়বিচার হবে, আর মিথ্যা হলে ধর্মস্থলের মর্যাদা অক্ষুণ্ন থাকবে।