ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ মে, ২০২৫, ৯:১৮
ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ।ছবি: সংগৃহিত

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ওরফ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার পরে রাজধানীর আফতাবনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কাজিম উদ্দিনকে গ্রেপ্তার করার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ।

আজ দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় কাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ময়মনসিংহের ভালুকার নেতা। গত বছরের ১৯ জুলাই দুপুরে যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত বছরের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন এই মামলার ১৪ নম্বর আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় যাত্রাবাড়ী থানায় হওয়া চারটি মামলার আসামি তিনি।