মেসির হাতের এই রোলেক্স ঘড়ির দাম শুনলে চমকে যাবেন
ডেস্ক নিউজ
প্রকাশ: ২৮ জুলাই, ২০২৫, ১১:৪১
এমএলএস অল-স্টার দলে সুযোগ পেয়েও না খেলায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি ও জর্দি আলবা। ক্লাব বিশ্বকাপে টানা ম্যাচ খেলার পর তার ফিটনেস ঝুঁকির কথা বিবেচনা করে অল-স্টার ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যে কারণে সিনসিনাটির বিপক্ষে লিগের ম্যাচটিতে খেলতে পারেননি তারা। ইদানিংকালে মেসি মাঠে নামা মানেই জোড়া গোল। তার অনুপস্থিতিতে ম্যাচটা গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে তার অনুপস্থিতি ভালোভাবেই অনুভব করেছে হেরনরা।
এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সিনসিনাটির বিপক্ষে লিগের ম্যাচে খেলতে না পারলেও ঠিকই মাঠে হাজির হয়েছিলেন মেসি। ম্যাচ চলাকালে আটবারের ব্যালন ডি’অরজয়ীকে দর্শকসারিতে দেখা গেছে। চলতি দলবদলে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে মায়ামিতে যোগ দেয়া আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে দলের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসি।
মাঠে না নামলেও মেসি মনোযোগ কেড়ে নিয়েছেন। সবার নজর এদিন ছিল মেসির হাতের দিকে, বলা ভালো হাতে থাকা ঘড়িটির দিকে। গ্যালারিতে সাদা শার্টে হাস্যোজ্জ্বল মেসির হাতে শোভা পাচ্ছিল একটি গোলাপি রঙের রোলেক্স ঘড়ি। অসম্ভব সুন্দর ঘড়িটি নজর কাড়ার পেছনে ভূমিকা রেখেছে এর দামও। এই ঘড়িটার বাজারমূল্য যে ৯ লাখ মার্কিন ডলার (প্রায় ১১ কোটি টাকা)! চোখ কপালে ওঠা তো স্বাভাবিক।
রোলেক্স ডেটোনা ১২৬৫৩৮টিআরও ‘বার্বি’ ঘড়িটির এমন আকাশচুম্বী মূল্যের যৌক্তিক কারণও আছে। ঘড়িটি তৈরি হয়েছে ১৮ ক্যারেট হলুদ সোনায়, যার গায়ে সেট করা আছে গোলাপি নীলকান্তমণি এবং ম্যাচিং করা গোলাপি ডায়াল।
এই বিলাসবহুল ঘড়িটির সঙ্গে ইন্টার মায়ামির হোম জার্সির রঙের মিল রয়েছে। ঘড়িটিকে ‘রোলেক্স–এর তৈরি করা অন্যতম দুর্লভ ও উজ্জ্বল রত্নখচিত মডেল’ বলে অবিহিত করা হয়। এটি সাধারণভাবে ক্যাটালগে অর্ডার দিয়ে কেনা যায় না।
নিষেধাজ্ঞা কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় মেসি। আগামী বুধবার (৩০ জুলাই) লিগস কাপের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আতলাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।


আপনার মতামত লিখুন