মোবাইল ফোনের দাম কমবে ৫ হাজার টাকার বেশি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৩৮
মোবাইল ফোনের দাম কমবে ৫ হাজার টাকার বেশি
মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মোবাইল ফোন আমদানিতে শুল্কহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ লক্ষ্যে এনবিআর গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ হ্রাস পেয়েছে।

একই সঙ্গে কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানসমূহ যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর ফলে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।