যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ব্যাংকগুলোতে হামলার ঘোষণা তেহরানের
ডেস্ক নিউজ
প্রকাশ: ১১ মার্চ, ২০২৬, ১১:৩৫
তেহরানের উত্তরে একটি ব্যাংকে বিমান হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর্থিক প্রতিষ্ঠানের ওপর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
বুধবার (১১ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায়, তেহরানের একটি ব্যাংকে মঙ্গলবারের বিমান হামলা ‘অবৈধ ও অপ্রচলিত যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই হামলায় ব্যাংকের কয়েকজন কর্মী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর প্রতিক্রিয়ায় সংস্থাটি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে।
একই সঙ্গে তারা বেসামরিক নাগরিকদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত এক কিলোমিটার দূরে থাকার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও ইরান ইন্টারন্যাশনাল সূত্রে এ খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানের উত্তরের একটি আর্থিক প্রতিষ্ঠানে হামলার সময় কর্মীরা ফেব্রুয়ারির মাসশেষের বেতন বিতরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত শিফটে কাজ করছিলেন। ফলে ঘটনাটি বেসামরিক হতাহতের কারণে আরও মর্মান্তিক হয়ে উঠেছে।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন যে- হরমুজ প্রণালীতে স্থাপন করা যেকোনো মাইন অবিলম্বে অপসারণ করতে হবে। হুমকি দিয়ে তিনি বলেছেন, এটি না করলে সামরিক পরিণতি এমন পর্যায়ে পৌঁছাবে যা আগে কখনো দেখা যায়নি।
ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শান্তিতে থাকতে পারবেন না এবং শর্তাবলীর উপর নির্ভর করে তেহরানের সঙ্গে আলোচনা সম্ভব।


আপনার মতামত লিখুন