লামায় ট্রাক দুর্ঘটনায় চালক নিহত

ডেস্ক নিউজ
প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫, ৭:০০
লামায় ট্রাক দুর্ঘটনায় চালক নিহত
বান্দরবানের লামায় ট্রাক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল নামে এক ট্রাকচালক মারা গেছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে লামা- ফাঁসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাহাড়ি ঢালু পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মো. মোস্তফা কামাল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার মো. সিরাজুল হকের ছেলে।

জানা যায়, পোল্ট্রি খাদ্যসহ মালামাল নিয়ে চালক মোস্তফা কামাল ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চালিয়ে লামা আসছিলেন।

রাত ১০টার দিকে লামা- ফাঁসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাহাড়ি ঢালু পথে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং লামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা গাড়ি থেকে চালককে উদ্ধার করে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।