শহরের বিজিবি ক্যাম্পে জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নের বাসায় দুর্ধর্ষ চুরি
কক্সবাজার সদরের পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার মধ্যম চৌধুরী পাড়া ডাক্তার খলিলুর রহমান সড়কে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে বিজিবি ক্যাম্প ফিরোজ আহমদের মালিকানাধীন ফিরোজ ম্যানশনের দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটে।
উক্ত বাসায় ভাড়া থাকেন বাংলাদেশ বডিবিল্ডিং ন্যাশনাল চ্যাম্পিয়ন ও আইরন ফ্লেক্স জিমের মালিক ইব্রাহিম খলিল। ঘটনার সময় বাসায় কেউ না থাকায় উৎপেতে থাকা সংঘবদ্ধ চোরেরা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যায় বাসায় ফিরে ভাড়াটিয়া দম্পতি দেখতে পান, ঘর এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং আলমিরার তালা ভাঙা।
চোরেরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড় ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ইব্রাহিম খলিল অভিযোগ করে বলেন, “ফিরোজ ম্যানশনে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু মালিক কোনো সিসিটিভি কিংবা দারোয়ানের ব্যবস্থা করেননি। মাঝে মাঝে একজন যুবক তত্ত্বাবধান করে, শুনেছি সেও রোহিঙ্গা। মালিকপক্ষের অবহেলার কারণেই আমার সঞ্চিত সম্পদ হারালাম।”
তিনি আরও বলেন, প্রশাসন চাইলে এ চুরির ঘটনা উদঘাটন করা সহজ। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং অবহেলাকারী বাড়ির মালিকদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন