সপ্তম শ্রেণির প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’, বিতর্কের ঝড়
রাঙ্গামাটির নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্রে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ সম্পর্কিত দুটি প্রশ্ন থাকায় সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষার একটি সৃজনশীল প্রশ্নে দেওয়া হয়: “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে যা জানো, লিখো।” অপরদিকে, একটি বহু নির্বাচনী প্রশ্ন ছিল: “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের দেশের প্রথম স্যাটেলাইট মহাকাশ যানটি কবে উৎক্ষেপণ করা হয়?”
তবে প্রশ্নপত্রে এই নাম ব্যবহারের বিষয়টিই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু, কারণ সরকারিভাবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নামটি বর্তমানে আর নেই।
২০২৫ সালের ৩ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, স্যাটেলাইটটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ রাখা হয়েছে। এ প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষর করেন এবং প্রধান উপদেষ্টার অনুমোদনও ছিল।
স্থানীয় বাসিন্দা ও রাঙ্গামাটি জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বলেন, “এ ধরনের প্রশ্নপত্র তৈরি সেই পুরনো রাজনৈতিক পক্ষপাত ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ।”
বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তাও।
২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তৎকালীন সরকার পতন হয়। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যারা রাষ্ট্রীয় কাঠামোয় ব্যাপক সংস্কার আনে। এর অংশ হিসেবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রেক্ষাপটেই দেশের প্রথম স্যাটেলাইটটির নাম পরিবর্তন করা হয়।


আপনার মতামত লিখুন