সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ
সারাদেশের সব পোশাক কারখানা ৫ আগস্ট বন্ধ থাকবে। আজ রোববার বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে। এ দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস” (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য যে, পোশাক শিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১১৮ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার বছরের মাঝামাঝি সময়ে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’ সাধারণ ছুটি ঘোষণা করায় উক্ত ছুটি উৎসব ছুটির অন্তর্ভূক্ত ছিল না। সুতরাং সেই ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই।
তবে জুলাই অভ্যূত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যূত্থান দিবস’ উপলক্ষ্যে সব পোশাক শিল্প কারখানাসমূহ সাধারণ ছুটি হিসেবে বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বলে জানান বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন