সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি

ডেস্ক নিউজ
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৫
সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি
সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিলো আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের নিকটবর্তী সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার বিকাল ৫ টার দিকে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে। ট্রলারগুলোর মধ্যে ৩ টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর ২ টির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা।
টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০ টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সদস্যরা ২ টি স্পিডবোট যোগে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিন্মি করে। পরে ৫ টি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলেকে ধরে নিয়ে আরাকান আর্মি। ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। কোস্টগার্ড জানায়, খবরটি তিনিও নানা মাধ্যমে জেনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহের কাজ চলছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা। এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।