বিএনপি-জামায়াতের দুই কর্মী হত্যা: সাবেক এমপি জাফর আলম কারাগারে
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে বিএনপি ও জামায়াতের দুই কর্মী হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এ তাকে হাজির করার পর এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি হত্যাকাণ্ডে জাফর আলমের নেতৃত্ব ও সম্পৃক্ততা ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে।
রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, একটি ঘটনায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে অপহরণের পর একজন বিএনপি কর্মীকে হত্যা করা হয়। অপর ঘটনায় জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর দলটির একজন কর্মীকে হত্যা করা হয়। এসব ঘটনায় জাফর আলমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, জাফর আলমকে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছিল। দুটি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফর আলমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২০২৩ সালের যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মো. জাফর আলম। এর আগে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন