ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসকে জরিমানা

ডেস্ক নিউজ
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ১০:২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসকে জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুমোদিত নকশা ও কাঠামো পরিবর্তন করে চলাচলের অভিযোগে পাঁচটি বিলাসবহুল এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যৌথ অভিযানে বাসগুলোর বিরুদ্ধে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আরোপে প্রসিকিউশন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও বিআরটিএ কুমিল্লা জোন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, অভিযানে এভারগ্রীন, গোল্ডেন লাইন, ইম্পেরিয়াল, নীলাচল ও গ্রিন লাইন পরিবহনের একটি করে মোট পাঁচটি এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিআরটিএর অনুমোদিত আকার ও নকশা পরিবর্তনের অভিযোগে বাসগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক প্রসিকিউশন দেয়া হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত এসি স্লিপার বাসের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন- বিআরটিএ কুমিল্লা জোনের সহকারী পরিচালক ফারুক আহাম্মদ, ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এবং মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার।
এর আগে গত ১৫ অক্টোবর একই ধরনের অভিযানে সেন্ট মার্টিন স্কয়ার, বেঙ্গল পরিবহন, দোয়েল এক্সপ্রেস ও রয়েল কোচ পরিবহনের চারটি এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ওই অভিযানে মোট ৬০ হাজার টাকা প্রসিকিউশন করা হয়।