রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

ডেস্ক নিউজ
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:১৪
রোহিঙ্গাদের জন্মহার কমাতে বিয়েতে বিশেষ নিয়ম চালু করেছিল মিয়ানমার সরকার

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিয়ে করতে বিশেষ অনুমতির নিয়ম চালু করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা দুই সন্তানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল।

বিচারক জানান, এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্য ছিল বলে মিয়ানমারও স্বীকার করেছে। যদিও এসব বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্মহার কমানো সম্ভব হয়নি।

ইওয়াসাওয়া বলেন, আদালত মনে করে, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক ব্যবস্থা। অন্তত ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ও এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে দেওয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এ ধরনের বিধিনিষেধসহ অন্যান্য পদক্ষেপ থেকে রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়।

এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার ঘটনাগুলোর কথাও তুলে ধরেন বিচারক। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়